নিজেদের ক্রিকেট ইতিহাসের একটি গৌরব ও ঐতিহাসিক মুহূর্ত টেস্ট অভিষেক, যার প্রথম দিনে মাঠেই নামতে পারেনি আয়ারল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথমদিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি।
ডাবলিনের ম্যালাহাইডে খেলা শুরুর জন্য স্থানীয় সময় বিকেল তিনটা পর্যন্ত অপেক্ষা করেছিলেন দুই আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড ইলিংওয়ার্থ। কিন্তু মাঠের অবস্থা খারাপ থাকায় শেষঅবধি দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।
বৃষ্টির কারণে পাঁচদিনের টেস্ট এখন চারদিনের ম্যাচ হয়ে দাঁড়াল। ফলে কোনো দলই এখন এই ম্যাচকে ২০০% এর জায়গায় ১৫০% এর বেশি ভাবতে পারবে না! কেননা ফলোঅন নির্ধারিত হবে ১৫০ রানের ব্যবধানে।
এ ম্যাচ ঘিরে এক মিলিয়ন ডলার খরচ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ৬৩০০ দর্শক আগেই টিকিট সংগ্রহ করেছিলেন। কিন্তু মাঠে এসে দলের টসটাও দেখতে পারেননি। যদিও টিকিটের প্রথম দিনের শতভাগ অর্থ ফেরত পাবেন তারা।
মাঠে নামতে পারলে ২০০০ সালের বাংলাদেশের পর আয়ারল্যান্ডই হবে টেস্ট অভিষেক হওয়া প্রথম দল। আসছে জুনে অবশ্য সাদা পোশাকে অভিষেক হবে আরেক সম্ভাবনাময় ক্রিকেট জাতি আফগানিস্তানের।







