ক্রিকেট বিশ্বে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সফল আত্মপ্রকাশ ঘটেছে বলে মনে করছেন টিম বাংলাদেশের দুই অভিভাবক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বোলিং কোচ হিথ স্ট্রিক। বদলে যাওয়া বাংলাদেশের ক্রিকেট প্রতিভার সঠিক পরিচর্যা ও লালন পালন করার ওপর জোর দিয়ে তারা বলেছেন, টিম ইন্ডিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতেও জয়ের লক্ষ্যেই খেলবে টিম টাইগার্স।
ভারতের বিপক্ষে সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় অর্জন বলে মনে করেন টিম বাংলাদেশের দুই অভিভাবক। বদলে যাওয়া বাংলাদেশের অসাধারণ সাফল্যের পেছনে ভূমিকা রেখেছেন টাইগারদের বোলিং কোচ হিথ স্ট্রিক। বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টের দারুন সাফল্যে দারুন খুশি জিম্বাবুয়ের সাবেক এই পেস তারকা।
বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান তো রয়েছেই, দলের সব বোলারের প্রতিভাই তাকে মুগ্ধ করেছে।
হিথ স্ট্রিক বলেন, আমি টাইগারদের সাফল্যে খুশি। শুধু একটা ম্যাচ নয়, আমার বিশ্বাস ছিলো সিরিজ জিতবো সেটা হয়েছে। আর বোলিংয়ে মুস্তাফিজ তো অসাধারণ করেছে। তার সাথে অন্যরাও ভালো দারুণ পারফর্ম করেছে।
টিম বাংলাদেশের বর্তমান বোলিং স্কোয়াডের অনেক দেওয়ার আছে বলে মনে করছেন তিনি। দলের তরুণ প্রতিভাদের লালন-পালন ও পরিচর্যা নিয়ে তার পরিকল্পনার কথাও জানান।
সাবেক জিম্বাবুয়েন তারকা বলেন, শুধু মুস্তফিজ নয়, অন্য যে তরুণ খেলোয়াড়রা আছেন তাদেরও ভালোভাবে পরিচর্যা করা উচিত। এছাড়া আগামীতে যারা দলে আসবে তাদের প্রতিও খেয়াল রাখতে হবে।
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দারুণ খুশি টাইগারদের সাফল্যে। সিরিজের প্রথম দুই ম্যাচের সাফল্যের পেছনেই টিমের পরিকল্পনা এবং সামর্থ্য অনুযায়ী তার মাঠের অনুবাদ করতে পারার কৃতিত্ব টাইগারদের দিয়েছেন তিনি।
সিরিজ ২-১ না ৩-০ হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম দুই ম্যাচে যেভাবে শুরু করেছিলাম, শেষ ম্যাচও সেভাবেই করার চেষ্টা করবো।
ম্যাচ বাই ম্যাচ যে পরিকল্পনার কথা সিরিজের শুরুতে বলেছিলেন টিম টাইগার্স ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা, তারই প্রতিফলন ঘটেছে দুই অভিভাবকের কথাতেও।
আপাতত আগামী ম্যাচ জিতে সিরিজ ৩-০ তে জিতে নেওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের দুই কারিগর।







