ব্রাজিলের বিস্ময় বালক ভিনিসিয়াস জুনিয়রের অপেক্ষার অবসান হয়েছে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লা লিগায় রিয়াল মাদ্রিদের সিনিয়র দলে।
ভিনিসিয়াস প্রথম চমক দেখান ১৬ বছর বয়সে। পেশাদার ফুটবলে পা রাখার আগেই ৪৫ মিলিয়ন ইউরোতে তাকে কিনে নেয় রিয়াল। এতদিন ১৮ বছর বয়স হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বয়স পূর্ণ হওয়ার পর ক্লাবের প্রাক-মৌসুম টুর্নামেন্টে খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং রোমার মতো দলের বিপক্ষে তাকে মাঠে দেখা গেছে।
এরপর আর তাকে মূল দলে বিবেচনা করেননি রিয়াল কোচ। পাঠিয়ে দিয়েছেন যুব দলে। কিছুদিন আগে মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর বিপক্ষে একাই করেন দুই গোল।
ইএসপিএন ফুটবল জানিয়েছে, এসপানিওলের বিপক্ষে ভিনিসিয়াসের শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি।
লা লিগায় রিয়াল ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।








