প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতে প্রমাণ হলে বেগম খালেদা জিয়ার শাস্তি হবে। তার শাস্তি হলে দেশে নির্বাচন হতে দেয়া হবেনা, এটা কেমন আবদার, এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, তিনি যদি চুরি না করে থাকেন তাহলে শাস্তি হবে না। আর যদি আদালতের কাছে প্রমাণ থাকে, তাহলে শাস্তি হবে। সে জন্য তারা নির্বাচনই হতে দেবেন না এটা কেমন কথা! একজন চোর যিনি কিনা এতিমের টাকা চুরি করে খায়, তাকে রক্ষার জন্য নির্বাচন হতে দেবেন না। কতো আবদারের কথা, কতো আহ্লাদের কথা! তাহলে গরীব মানুষের টাকাগুলো দিয়ে দিলেই হতো। আপনার সন্তানদের সাথে করে শত শত কোটি টাকা তো বানিয়েছেন।
সফরের দ্বিতীয় দিনে জার্মানির মিউনিখে প্রবাসী বাংলাদেশী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, সব রাজনৈতিক দলের দেয়া তালিকা থেকেই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল। তাদের সুপারিশেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে হেয় করতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুপ্রকল্পে অর্থায়ন বাতিল করেছিল। কানাডার আদালতে মামলার রায়ে প্রমাণিত হয়েছে, বাংলাদেশ কোন দুর্নীতির সাথে জড়িত ছিল না।







