মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক বাছাইয়ে উইসকনসিন অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় পেয়েছেন রিপাবলিকান ট্রেড ক্রুজ।
একই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাইয়ে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স।
এই নির্বাচনের আগে জনমত জরিপে বলা হয়েছিল, এখানে ট্রাম্পকে ‘অপছন্দ’ করেন এমন ভোটারের সংখ্যা ৬৭ শতাংশ। এর সঙ্গে নারীদের ভোট যোগ করলে তা বেড়ে হয় ৮০ শতাংশে।
ওই জরিপ অনুযায়ী, বিগত ৩২ বছরে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রার্থীদের মধ্যে ট্রাম্পের মতো এমন ‘অজনপ্রিয়’ প্রেসিডেন্ট প্রার্থী আর দেখা যায়নি।
উইসকনসিনে ক্রুজ জয়ী হওয়ায় রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নের পথ কিছুটা দুর্গম হয়ে উঠেছে। ট্রাম্পের আশা ছিলো তাকে সবচেয়ে বেশি অপছন্দ করা এই রাজ্যের শ্বেতাঙ্গ মধ্যবিত্তদের ভোট নিয়ে তিনি জয়ী হবেন।
ভোট ও ডেলিগেট সংখ্যা- দু’ দিক দিয়েই উইসকনসিনে ডেমোক্র্যাটদের মধ্যে জয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স। তবে এখনও যুক্তরাষ্ট্রজুড়ে মোট ডেলিগেট সংখ্যার দিক থেকে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন।








