অভিনয়শিল্পী স্বাগতা মা হয়েছেন। শনিবার (২১ জুন) ব্যাংককের একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। শনিবার রাতে একটি ছবি পোস্ট করে ফেসবুকে খবরটি জানান অভিনেত্রী নিজেই।
স্বাগতা গণমাধ্যমকে জানান, প্রাকৃতিকভাবে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন তিনি, এ জন্য আগেই ব্যাংকক যান এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলেন। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচারের পথেই যেতে হয়।
নবজাতকের নাম রাখা হয়েছে মারিয়ম সর্বজয়া সানু আজাদ। নামের মধ্যে স্বাগতার দাদা আবুল হাসান আজাদ ও নানা খোদা বক্স সানুর নামের অংশ রাখা হয়েছে।
২০২৪ সালের জানুয়ারিতে লন্ডনপ্রবাসী সংগীতশিল্পী ও গবেষক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী।
স্বাগতা জানান, মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন এবং সবার দোয়া কামনা করেন। খুব শিগগির কন্যাকে নিয়ে দেশে ফিরবেন।








