দীর্ঘ বিরতির পর ডাগআউটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আসছে জুনের বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব নিতে চলেছেন। দেশটির ফুটবল ফেডারেশন এবং জিদান সম্প্রতি একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছেন, দাবি ফুটবল বিষয়ক নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর।
খবর, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আয়োজিত হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাচ্ছে না ফ্রান্স। আপাতত ফরাসি ফুটবল ফেডারেশন বিশ্বকাপে মনোযোগ ধরে রেখেছে বর্তমান কোচ দিদিয়ের দেশমের অধীনে। বিশ্বকাপ শেষ হলে তিনি পদত্যাগ করবেন, ধারণা করা হচ্ছে।
রোমানো জানাচ্ছেন, জিদান ও ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যে সমঝোতাটি ইতিমধ্যে মৌখিকভাবে সম্পন্ন হয়েছে। বলেছেন, ‘পরিস্থিতি পরিষ্কার। একটি মৌখিক চুক্তি হয়েছে, এবং বিশ্বকাপের পর জিদান ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হবেন।’
জিদান ফরাসি ফুটবলের ইতিহাসে কিংবদন্তি। ১০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০০৬ সালের বিশ্বকাপেও অংশ নেন, যা ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ আসর।
এরপর তিনি কোচিং ক্যারিয়ারে পা রাখেন। ২০২১ সালের জুলাই থেকে রিয়ালকে দুদফায় কোচিং করানো জিদান এখন কোন ক্লাব বা জাতীয় দলের দায়িত্বে নেই। রিয়ালে প্রথমদফায় তিন মৌসুমে টান তিন চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছিলেন। মৌসুম শেষে ক্লাব ছাড়লেও আবারও ফিরেছিলেন। পরে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও লিগ শিরোপা এনে দিয়েছিলেন লস ব্লাঙ্কোসদের।
দুদফায় রিয়ালের হয়ে ৫৩ বর্ষী জিদান দায়িত্বে ছিলেন ২৬৩ ম্যাচে। যার ১৭৪ ম্যাচ জিতেছে ক্লাবটি, গোল করেছে ৬০৫টি।
এদিকে, দেশমের সঙ্গে ফ্রান্সের চুক্তি আছে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত। ২০২২ বিশ্বকাপের পর তার অধীনে ফ্রান্সের খেলায় ভাটা পড়েছে। ফ্রেঞ্চদের খেলায় ট্যাকটিক্যাল পরিবর্তন ও ভারসাম্যে পরিবর্তন এসেছে বলেও সমালোচনা হচ্ছে।


