আলোচনায় ছিল বুন্দেসলিগার চলতি মৌসুম শেষে বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব নেবেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচের আগে জানা গেল, বাভারিয়ানদের কোচ হতে চান না ফ্রান্স কিংবদন্তি।
জার্মানির গণমাধ্যমগুলো জিদানকে প্রশ্ন করেছিল, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ ম্যাচের মধ্যে কে জিতবে? জবাবে বলেছেন, ‘আশা করি মাদ্রিদ, তবে ম্যাচটি কঠিন হতে চলেছে।’
এরপর ওঠে বাভারিয়ানদের কোচ হওয়ার ব্যাপারটি। ৫১ বর্ষী জিদান বলেছেন, ‘ভবিষ্যতে আমি বায়ার্ন মিউনিখের কোচ হবো? না। আমি খেলা দেখতে যাচ্ছি।’
থমাস টুখেলকে কোচ নিয়োগের পর খুব বেশি ভালো কাটেনি বায়ার্নের। ২০২৩-২৪ মৌসুম পুরোটাই কেটেছে ব্যর্থতার মধ্য দিয়ে। তাদের ১১ বছরের আধিপত্যের অবসান ঘটিয়ে জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে বেয়ার লেভারকুসেন। জার্মান কাপের দ্বিতীয় (৩২ দলের) রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে থাকলেও খুব ভালো অবস্থায় নেই।








