তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সরকারের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে।
এ নীতি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলাকে একটি আদর্শ জেলায় পরিণত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার ৯ মার্চ দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শহরের যানজট, হাসপাতালের সামনে নির্ধারিত পার্কিং, পেট্রোল ও ডিজেল মজুত বিষয়ে কঠোর হওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।
আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর।
সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র্যাব ও বিজিবির প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।








