গোপনে বিয়ে সেরেছেন হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়া। খবরটি প্রকাশ্যে আনলেন জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ।
রবিবার রাতে লস অ্যাঞ্জেলেসে অ্যাক্টর অ্যাওয়ার্ডসের লালগালিচায় ‘অ্যাক্সেস হলিউড’-এর সঙ্গে কথা বলতে গিয়ে ল রোচ বলেন, ‘বিয়েটা হয়ে গেছে। তোমরা মিস করেছ।’ প্রতিবেদক যখন বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘এটা কি সত্যি?’ তখন হাসতে হাসতেই রোচ নিশ্চিত করেন, ‘হ্যাঁ, একদম সত্যি।’ তবে বিয়ে নিয়ে টম বা জেনডায়ার বক্তব্য পাওয়া যায়নি।
টম হল্যান্ড ও জেনডায়ার বিয়ে নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার সরাসরি ‘বিয়ে হয়ে গেছে’ বলায় নতুন করে শুরু হয়েছে আলোচনা।
এর আগে ২০২৫ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জেনডায়ার হাতে হীরার আংটি দেখে বাগদানের জোর গুঞ্জন শুরু হয়। পরদিনই বিনোদনমাধ্যম টিএমজেড তাদের বাগদানের খবর নিশ্চিত করে। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড নিজেও বিষয়টি ইঙ্গিত করেন। \
একটি অনুষ্ঠানে এক প্রতিবেদক জেনডায়াকে তার ‘গার্লফ্রেন্ড’ বললে টম সংশোধন করে বলেন, “ফিয়ান্সে” অর্থাৎ বাগদত্তা। এ ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়।
এই জুটির প্রেমের শুরু ‘স্পাইডার-ম্যান: হোমিকোমিং’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়। এরপর থেকে নানা অনুষ্ঠানে, ছুটির ভ্রমণে ও প্রকাশ্য উপস্থিতিতে তাদের একসঙ্গে দেখা গেছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ গোপনীয় থেকেছেন তারা।- পিপল ডটকম







