ওভাল অফিসে বাগ্বিতণ্ডার পরে ক্ষমা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ট্রাম্পের বিশেষ কূটনীতিক স্টিভ উইটকফ।
আনন্দবাজার জানিয়েছে, সোমবার (১০ মার্চ) ট্রাম্পের কূটনীতিক উইটকফ ফক্স নিউজকে বলেন, জেলেনস্কি একটি চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্টকে (ডোনাল্ড ট্রাম্প)। ওভাল অফিসের ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ওভাল অফিসে দুই রাষ্ট্রনেতার দৃশ্যত নজিরবিহীন বিতণ্ডা নিয়ে আগেই মুখ খুলেছেন জেলেনস্কি। সমাজমাধ্যমে এ বিষয়ে দুঃখপ্রকাশও করেন তিনি। জেলেনস্কি জানান, বেনজির তর্কাতর্কির ঘটনায় তিনি ‘অনুতপ্ত’। যদিও সমাজমাধ্যমের ওই পোস্টে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ ছিল না।
পরে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের ভাষণের সময়েও ওই বাগ্যুদ্ধের কথা উঠে আসলে ট্রাম্প জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার টেবিলেও বসতে আগ্রহী হয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট চিঠিতে সেই কথা উল্লেখ করেছেন বলে দাবি ট্রাম্পের। ওই চিঠির অংশবিশেষ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে পড়েও শোনান তিনি। তবে ওই সময়ে চিঠিতে ক্ষমা চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসেনি।







