টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আল-আমিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি গ্রামে রিপনের সাথে আল আমিনের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আল আমিনসহ ৯ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধে আল আমিন নামে এক যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








