নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হাজিপুর গ্রামে শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল কাদের জিলানি ওরফে কান কাটা কাদের নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সাথে কাদেরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাতে উপজেলার চারেং বাড়ির দরজায় তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে হত্যা করা হয়। যুবকটি মারা যাওয়ার পর তার মরদেহ সেখানে রেখেই পালিয়ে যায় হত্যাকারী। কাদেরের বিরুদ্ধে মারামারি, মাদকসহ ৪টি মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরেই কাদেরকে হত্যা করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।








