নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জীবিত বড় ভাইকে (মো. আ. হেলিম) মৃত দেখিয়ে মা ও বোনকে বঞ্চিত করে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের (মো. শহিদ মিয়া) বিরুদ্ধে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে আ. হেলিম এই অভিযোগ জানান। এসময় তিনি তার ছোট ভাইয়ের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আ. হেলিম বলেন, আমি বিবাহিত, আমার ৬ কন্যা ও ১ পুত্র রয়েছে। অথচ শহিদ মিয়া আমাকে মৃত এবং নিঃসন্তান দেখিয়ে আদালতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এখন তিনি জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছেন।
তিনি আরও বলেন, শহিদ মিয়া শুধু প্রতারণাই করেননি, বরং তিনি ও তার সন্তান বিভিন্ন সময় আমাকে এবং আমার পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে আমরা পরিবার পরিজন নিয়ে ভীত অবস্থায় দিন কাটাচ্ছি। আমাদের জানমালের নিরাপত্তা হুমকির মুখে।
অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান আ. হেলিম।
স্থানীয়রা জানান, জীবিত ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি বেহাতের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এর ফলে গ্রামে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিকের হাতে জমি ফিরিয়ে দেয়া জরুরি।
অভিযোগে জানা যায়, ছোট ভাই মো. শহিদ মিয়া কৌশলে বড় ভাই আ. হেলিমকে মৃত এবং নিঃসন্তান দেখিয়ে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। একই সাথে মা ও বোনের নাম গোপন রেখে নেত্রকোনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২০১৪ সালে মামলা (মোকদ্দমা নং-২৭২৮/১৪) করে একতরফা প্রশ্নবিদ্ধ ডিক্রি নেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. শহিদ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে তার বোন জাহেরা খাতুন, মা আমিনা খাতুনসহ স্থানীয় ইউপি সদস্য কাজী মো. আব্দুল মালেকসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।








