সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাশ মানি মামলার বিচারকাজ যে আদালতে শুরু হয়েছে, সেই ভবনের সামনে গায়ে আগুন দিয়েছিলেন এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার ২০ এপ্রিল বিবিসির প্রতিবেদেনে বলা হয়, এদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শুক্রবার ম্যাক্স আজারেলো (৩৭) নামের ওই ব্যক্তি শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডার সেন্ট অগাস্টিনের বাসিন্দা আজারেলো।
নিউ ইয়র্ক সিটি পুলিশ জানায়, শনিবার ভোরে হাসপাতাল থেকে আজারেলোর মৃত্যু বিষয়টি নিশ্চিত করা হয়।
আদালতের নিরাপত্তা কর্মকর্তারা জানান, শুক্রবারের ঘটনায় আদালতের নিরাপত্তা লঙ্ঘন করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোকটি তার পিঠে থাকা একটি ব্যাগ থেকে কিছু পুস্তিকা বের করে এবং নিজের গায়ে দাহ্য তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার আগে সেগুলো ওপরের দিকে ছুড়ে দেন। রয়টার্সের কাছে সেই পুস্তিকার একটি পুড়ে যাওয়া অংশ এসেছে। সেখানে লেখা আছে ‘শয়তান ধনকুবের’। বাকি অংশে কী লেখা ছিল তা আর স্পষ্টভাবে জানা যায়নি।

অন্যদিকে, নিজের গায়ে আগুন দেওয়ার কয়েক দিন আগে আজারেলোকে একই আদালতের বাইরে প্রতিবাদ করতে দেখা গেছে। সেসময় তিনি একটি প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ততে লেখা ছিল, ‘ট্রাম্প বাইডেনের সঙ্গে আছেন এবং তারা আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী অভ্যুত্থান করতে চলেছেন।’








