রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি পশ্চিমবঙ্গের শিল্পী সমাজ। টলিউডে সেই শোকের ছায়ার মাঝেই আবার দুঃসংবাদ!
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। সোমবার হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন প্রণব। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৩৩ বছর বয়সে মারা যান এ অভিনেতা।
অভিনেতার মৃত্যুর পর অভিনেত্রী অলকানন্দা গুহর এক ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে তিনি লিখেছেন কাজের অভাবে মানসিক চাপে ছিলেন প্রণব।
অলকানন্দা পোস্টে লিখেন, ‘“ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার”-এটাই বলেছিলে তো? আমি নিজের কাজে তোমায় ডাকি কারণ অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা। বলেছিলাম আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা আমি কী শুনলাম? সব ছেড়ে চলে গেলে? হয়তো আমি কিছুই করতে পারলাম না।”
প্রণব চট্টোপাধ্যায় কাজ করতেন টেলিভিশনে। তাকে দেখা গেছে ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ কিংবা জি বাংলার ‘ভগবান দাস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। এছাড়া জি বাংলা ও স্টার জলসার একাধিক মেগায় জুনিয়র শিল্পী হিসেবে কাজ করেছেন।
প্রণবের মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেল ঘোষ। প্রণবের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি ফেসবুকে লিখেছেন, ‘তোমাকে আর বকার সুযোগ হবে না।’
রাহুলের শেষকৃত্য চলাকালীন প্রণবের মৃত্যুর খবর আসে। গত ৪৮ ঘণ্টায় দুই তরুণ অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ পুরো টলিউড।







