বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমার তালিকায় প্রথম দিকেই আসে ‘হাউসফুল’-এর নাম। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব। দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব ‘হাউসফুল ফোর’। এবার আসছে এই সিনেমার পঞ্চম কিস্তি। প্রকাশ্যে এলো যার অফিসিয়াল ট্রেলার।
প্রায় ৪ মিনিট দৈর্ঘ্যের ট্রেলার জুড়ে খোজ চলেছে এক খুনির। কিন্তু ‘হাউসফুল ৫’ এ একজন নয়, দুইজন খুনি থাকবে। দুজনকে নিয়েই বড় টুইস্ট রয়েছে। জানা গেছে, দুই খুনিকে এক সঙ্গে দেখা যাবে না। দর্শকদের দুবার ছবিটি দেখতে হবে।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটি দুটি ভার্সনে মুক্তি দেবেন। একটি হল ‘হাউসফুল ৫’ এবং অন্যটি ‘হাউসফুল ৫এ’। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বলা হয়েছে, “হাউসফুল ৫ এ যদি খুনি X হয়, তাহলে হাউসফুল ৫এ তে খুনি Y হবে। দুটি ভার্সনেই পুরো ছবি একই রকম হবে। তবে শেষ ২০ মিনিটে দর্শকরা সম্পূর্ণ ভিন্ন কমেডি উপভোগ করবেন।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বুক মাই শো তে ছবির দুটি ভার্সন আলাদাভাবে তালিকাভুক্ত করা হবে। কোন ছবি মুক্তির জন্য এটি একটি অভিনব কৌশল। বলা হয়েছে যে মেকার্সের এই কৌশলের ফলে দর্শকরা ছবিটি নিয়ে আলোচনা করবেন। কারণ আলাদা আলাদা ভার্সন দেখা দর্শকদের জন্য খলনায়ক আলাদা হবে।
তরুণ মনসুখানির পরিচালনায় নির্মিত ‘হাউসফুল ৫’ ৬ জুন ২০২৫ সালে মুক্তি পাবে। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়াস তালপাড়ে এবং রণজিতের মতো তারকারা অভিনয় করেছেন।








