দুজনই উঠে এসেছেন লা মাসিয়া থেকে। খেলার ধরনেও বেশ মিল। বিস্ময়বালক লামিন ইয়ামালকে তুলনা করা হচ্ছে লিওনেল মেসির সঙ্গে। একই একাডেমী, একই প্রোগ্রাম ও সুযোগ সুবিধায় বেড়ে উঠে বার্সেলোনাতেই খেলছেন। অবশ্য মেসির মতো হতে না চাননা লামিন। লামিন অবশ্য নিজের ছন্দে খেলতে চাইলেও ক্যারিয়ারে সফল হতে চান মেসির মত করে।
সাংহাইয়ে অ্যাডিডাসের একটি সংবাদসম্মলনে এমন জানান লামিন। বলেছেন, ‘সবসময় ক্যারিয়ারে নিজের পথ নিজের মত অনুসরণ করেছি। নিঃসন্দেহে মেসি আমার কাছে সর্বকালের সেরা ফুটবলার। মেসি বাম পায়ে খেলেন, ঠিক আমিও তাই। মেসি রাইট উইঙ্গার হিসেবে খেলেন, আমিও সেই পজিশনেই খেলি।’
‘আমাদের মধ্যে অনেক কিছুর মিল আছে। এটা মেনে নেয়া উচিত। কিন্তু আমি আমার নিজস্ব ঢংয়ে ক্যারিয়ার বড় করতে চাই।’
‘মেসি তার গল্প লিখেছেন নিজের মতো। আমিও তার মতো সফল ক্যারিয়ার গড়তে চাই। আমি আমার গতিতে ফুটবল খেলতে চাই, নিজের গল্প লিখতে চাই। মানুষ যাতে আমার নাম মনে রাখে।’








