বড় ধাক্কার মুখোমুখি হয়েছে বার্সেলোনা। দীর্ঘ সময়ের জন্য দলের অন্যতম তারকা ফরোয়ার্ডকে হারাচ্ছে ক্লাবটি। ডান পায়ের গোড়ালি চোটে প্রায় একমাসের জন্য ছিটকে গেছেন তরুণ ফুটবলার লামিন ইয়ামাল।
ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে ১-০ অপ্রত্যাশিত হারের ম্যাচে চোট পেয়েছেন স্পেন তারকা ইয়ামাল। চোট নিয়েই ৭৫ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে যান ১৭ বর্ষী তারকা। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন। স্ক্যান শেষে সোমবার বিবৃতিতে ইয়ামালের ছিটকে যাওয়ার কথা জানিয়েছে বার্সেলোনা।
বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘লেগানেসের বিপক্ষে গতকালের ম্যাচে লামিন ইয়ামাল তার ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন। আজ সকালে করা টেস্টে অগ্রবর্তী ইন্টারটিবায়োফিবুলার লিগামেন্টে গ্রেড ১ ইনজুরি ধরা পড়ে। ফলে আনুমানিক তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।’
আগামী শনিবার লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না কাতালান ক্লাবটি। ৪ জানুয়ারি কোপা দেল রে’র ম্যাচে তারা খেলবে বারবাস্ত্রোর বিপক্ষে। সেই ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে এই তরুণকে।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সৌদি আরবে গড়াতে চলা স্প্যানিশ সুপার কাপের আগে ইয়ামালের ফেরার আশা করছে বার্সেলোনা। যদিও তার সম্ভাবনা কম। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ৮ জানুয়ারি অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সেমিতে সেমিফাইনালে তাকে পেতে চিকিৎসা এরমধ্যেই শুরু করেছে ক্লাবটি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে খেলেছেন ইয়ামাল। ৬ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১টি।








