মঙ্গলবার নেশনস লিগে সার্বিয়ার মুখোমুখি হবে স্পেন। তার আগে দুঃসংবাদ পেল ইউরো চ্যাম্পিয়ন দলটি। পেশির টানে ছিটকে গেছেন তারকা তরুণ লামিন ইয়ামাল। এমনকি বার্সেলোনার হয়ে তার ফেরার সময়টাও অনিশ্চিত হয়ে পড়েছে।
চোটে ঝুঁকি এড়াতে জাতীয় দল থেকে ছেড়ে দেয়া হয়েছে বার্সেলোনা ফরোয়ার্ডকে। বার্সায় ফেরার পর ইয়ামালের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। পরে সাময়িকভাবে বিশ্রাম দেয়া হয়েছে। আগামী রোববারে লা লিগায় সেভিয়া ম্যাচেও অনিশ্চিত ১৭ বর্ষী তারকা।
বিবৃতিতে জানিয়েছে কাতালান ক্লাবটি। বলেছে, ‘সকালে লামিন ইয়ামালের পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে যে তার বাম পেশিতে টান রয়েছে। অনুশীলনে তার প্রত্যাবর্তন, তার ফিটনেস পুনরুদ্ধারের সময় দ্বারা নির্ধারিত হবে।’
গত শনিবার নেশনস লিগে ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জয় পায় স্পেন। ৯৩ ইয়ামালকে উঠিয়ে নেন স্পেন কোচ। রোববার মাদ্রিদে এমআরআই স্ক্যানের পর তার পেশিতে টান লাগার কথা জানায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। খেলোয়াড়দের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে, চোটের বাড়তি ঝুঁকি এড়াতে তাকে দল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয় তখনই।
সার্বিয়া ম্যাচে তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগো রিকেলমে। নেশনস লিগে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে শীর্ষে আছে স্পেন।








