২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেয়ার বিরুদ্ধে রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী ওই রিট আবেদনটি করেন।
রিটকারী আইনজীবীরা হলেন, আব্দুল্লাহ সাদিক, জিএম মোজাহিদুর রহমান, মিসবাহ উদ্দিন, জোবায়দুর রহমান, নোয়াব আলী, আজিম উদ্দিন পাটোয়ারী, সাজ্জাদ সরওয়ার, মোজাহিদুল ইসলাম, মিজানুল হক এবং একেএম নুরুন নবী।
রিটে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার আইন ২০২২ এর ধারা ৯ চ্যালেঞ্জ করা হয়েছে।
আবেদনকারীর আইনজীবী শিশির মনির জানান, ২০১৪ ও ২০১৮ সালে কোনো আইন ছাড়াই সার্চ কমিটি করে কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। ২০২২ সালে আইন করার সময় বলে দেয়া হয় ওই সার্চ কমিটির বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না।
তিনি বলেন, এই দায়মুক্তি দিয়ে করা আইন চ্যালেঞ্জ করা হয়েছে, কারণ কোনো আইন করে আদালতের ক্ষমতা খর্ব করা যায় না বলে জানান আইনজীবী।
শিশির মনির আরও বলেন, ওই কমিশনারদের নিয়োগ অবৈধ হলে সেসময়ের নির্বাচনও অবৈধ হয়ে যাবে। রিট আবেদন যেকোনো সময় শুনানি হবে বলেও জানান আইনজীবী শিশির মনির।








