মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ।
জয়ের জন্য শেষ ওভারে লঙ্কানদের লাগতো ৯ রান। হাতে ২ উইকেট। প্রথম বলে ৪ হজম করেন মারুফা আক্তার। দ্বিতীয় বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন ইমেশা দুলানি। পরের তিন বলে ৩ রান সংগ্রহ করে লঙ্কানরা। শেষ বলে জিততে ২ রান লাগতো তাদের। তবে সুগান্ধিকা কুমারিকে স্বর্ণা আক্তারের ক্যাচ বানিয়ে জয় নিশ্চিত করেন টাইগ্রেস পেসার।
কলম্বোতে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৪২ রান তোলে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে নেমে ৫০ ওভার ২৪১ রানে সবকটি উইকেট হারায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন শারমিন আক্তার সুপ্তা। ১০১ বলে ৭১ রান করেন তিনি। এছাড়া সুমাইয়া আক্তার ৪২ বলে ৩৮, রুবাইয়া হায়দার ঝিলিক ৫২ বলে ৩৩ এবং ফাহিমা খাতুন ৩৫ বলে ২৬ রান করেন। জ্যোতির ব্যাট থেকে আসে ৩০ বলে ২০ রান।
শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন মালকি মাদারা, কাভিশা দিলারি ও দিওমি বিহাঙ্গ।
রান তাড়ায় লঙ্কান ব্যাটারর নিলাক্ষিকা সিলভা ৭৮ বলে ৭৫ রান করেন। ৭৭ বলে ৬৩ রান করেন কাভিশা দিলারি। এছাড়া হাসিনি পেরেরা ৩৪ রান এবং হার্শিথা সামারাবিক্রমা ২৫ রান করেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে নাহিদা আক্তার তিন উইকেট নেন। ফাহিমা খাতুন ও মারুফা আক্তার নেন দুটি করে উইকেট।








