ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডের কাছে একটি ট্রাকের সাথে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন গলফের মহাতারকা টাইগার উডস। পরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ পুলিশ তাকে আটক করেছিল। তবে জামিন চাওয়ার পর শুক্রবার রাতেই তাকে মার্টিন কাউন্টি জেল থেকে মুক্তি দিয়েছেন কর্তৃপক্ষ।
মার্টিন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে ১৫বারের মেজর শিরোপাজয়ী চ্যাম্পিয়নের বিরুদ্ধে সম্পত্তির ক্ষতিসাধন অভিযোগ আনা হয়েছে। এছাড়া আইনগত পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানানোর কারণে অন্য অভিযোগ আনা হয়েছে।
শেরিফ জন বুডেনসিকের মতে, শুক্রবার বিকেলে জুপিটার আইল্যান্ডে একটি ট্রাককে ধাক্কা দেয়ার পর ৫০ বর্ষী উডসের ল্যান্ড রোভার গাড়িটি উল্টে যায়। তিনি বলেন, কর্মকর্তারা তাকে মদ্যপের কারণে নয় বরং কোনো অজানা পদার্থের প্রভাবে নেশাগ্রস্ত বলে সন্দেহ করছেন।
উডস যাত্রীর দরজা দিয়ে হামাগুড়ি দিয়ে গাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্ঘটনার পর ব্রেথঅ্যালাইজার পরীক্ষায় উত্তীর্ণ হলেও মূত্র পরীক্ষা দিতে অস্বীকার করেন। রাজ্যের আইন অনুযায়ী সর্বনিম্ন আট ঘণ্টা কারাগারে থাকার পর তাঁকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুডেনসিক আরও জানিয়েছেন, উডস খুব দ্রুত গতিতে একটি প্রেশার ক্লিনার ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেছিলেন। তখন তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে।








