মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে টানা চতুর্থ জয় পেল পাকিস্তান। বৃহস্পতিবার ঘরের মাঠে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে ফাতিমা সানার দল। তাতে এক ম্যাচ হাতে রেখেই আগামী সেপ্টেম্বর-অক্টোবরে গড়াতে চলা বিশ্বকাপে নিজেদের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান নারী ক্রিকেট দল।
লাহোরে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। সিদরা আমিনের ১০৫ বলে ৮০ রান এবং ফাতিমা সানা ৫৯ বলে ৬২ রানের অপ্রতিরোধ্য ইনিংসে ৬ উইকেটে ২০৫ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক দলটি।
রানতাড়ায় নেমে ফাতিমা সানা, নাসরা সিন্ধু ও রামিন শামিমের দাপুটে বোলিংয়ে ৩৪.৪ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন নান্নাপাত কঞ্চারোয়েনকাই। ফাতিমা, নাসরা ও রামিন তিন বোলারই তিনটি করে উইকেট নেন।
৬ দলের অংশগ্রহণে গড়ানো বাছাইয়ে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পাকিস্তান। দুইয়ে বাংলাদেশ। তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট টিম টাইগ্রেসের।
শনিবার লাহোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েদের মুখোমুখি হবে পাকিস্তান।








