মেয়েদের অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ ফুটবলে নিজেদের প্রথম আসরে খেলতে নেমে থাইল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। মোসাম্মত সাগরিকার গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে গেছে লাল-সবুজের মেয়েরা।
থাইল্যান্ডের থাম্মাসাত স্টেডিয়ামে গ্রুপপর্বের প্রথম ম্যাচের ৩৫ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন সাগরিকা।
ম্যাচের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে লড়াই গড়ায়। ম্যাচের ১১ মিনিটে সুযোগ তৈরি করে বাংলাদেশ। স্বপ্নার দূরপাল্লার শট যায় সরাসরি গোলরক্ষকের কাছে। ১৬ মিনিটে স্বাগতিকদের নেয়া ফ্রি কিক মিলি আক্তারে গ্লাভস থেকে বেরিয়ে যায়। ফিরতি বলে কুরিসারা লিম্পাওয়ানিচ শট নিলেও তা বাইরে চলে যায়।
২৫ মিনিটে স্বপ্নাকে তুলে পুজা দাসকে নামান কোচ বাটলার। এর কিছুক্ষণ থাইল্যান্ডের দূরপাল্লার শট ঠেকান মিলি। ৩৫ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো থ্রু পাস ধরে গতিতে প্রতিপক্ষের সব ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন সাগরিকা।
পিছিয়ে পড়া থাইল্যান্ডের আক্রমণের ধার কমে কিছুটা। এরপরও কয়েকটি আক্রমণ করে বাংলাদেশ। তবে জালের দেখা পায়নি। শেষ অবধি ১-০তে এগিয়ে বিরতিতে যায় বাটলার শিষ্যরা।







