জাতীয় নারী ক্রিকেট দলের স্টাফ বড় করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন দুই নির্বাচকের সঙ্গে নেয়া হয়েছে বোলিং কোচ। এবার নিগার সুলতানা জ্যোতিদের জন্য ইয়ান ডুরান্টকে লিড ফিজিক্যাল পারফরম্যান্স কোচ নিয়োগ দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড। দুবছরের জন্য বিসিবির সঙ্গে ইয়ানের চুক্তি হয়েছে, জানিয়েছে বিসিবি।
এর আগে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন ইয়ান। এক দশকের বেশি সময় ধরে দলটির স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে যু্ক্ত ছিলেন।
নতুন চাকরিতে যোগ দিতে এরইমধ্যে বাংলাদেশে পৌঁছে গেছেন ইয়ান। বিবৃতিতে তিনি বলেছেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলে যুক্ত হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি। সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। নারী ক্রিকেট দলের সামনে বড় একটি বছর রয়েছে। কাজ শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’








