মেয়েদের ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে আছে চীন। নয়বার এশিয়ান কাপ জিতেছে তারা। দলটির বিপক্ষে মঙ্গলবার নামবে বাংলাদেশ। শক্তির ব্যবধান যে ব্যাপক, বলাই যায়। র্যাঙ্কিংয়ে মনিকা-রুপনারা আছেন ১১২ নম্বরে। এমন বাস্তবতার মাঝেও বাংলাদেশকে খাটো করে দেখছে চীন।
এএফসি মেয়েদের এশিয়ান কাপে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও চীন। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে মাঠের লড়াই। এ ম্যাচকে সামনে রেখে সোমবার সকালে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেছেন চীনের প্রধান কোচ আন্তে মিলিচিক ও অধিনায়ক উ হাইয়ান।
বাংলাদেশ দল র্যাংঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই জানিয়ে মিলিচিক বলেছেন, ‘আধুনিক ফুটবলে যেকোনো দল যেকোনো দিনে কঠিন সময় উপহার দিতে পারে। বাংলাদেশ এখানে কোনো চাপ ছাড়াই খেলবে। তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। আমরা তাদের মোটেও খাটো করে দেখছি না। গত কয়েক বছরে বাংলাদেশের নারী ফুটবলে বিনিয়োগ এবং তাদের খেলার মান অনেক বেড়েছে।’
‘বাংলাদেশ একটি তরুণ এবং পরিশ্রমী দল, তারা প্রথমবার বড় কোনো টুর্নামেন্টে খেলতে এসেছে। তারা কোন চাপ ছাড়াই সাবলীল ফুটবল খেলে। আমরা আগামীকাল একটি কঠিন ম্যাচের প্রত্যাশা করছি, তবে আমাদের মূল লক্ষ্য আমাদের নিজস্ব প্রস্তুতি এবং পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করা।’
চীনের হয়ে ১২৪ ম্যাচ খেলা অধিনায়ক উ হাইয়ান মাঠে নামার আগে বেশ রোমাঞ্চিত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ৩৩ বর্ষী এ ডিফেন্ডার বলেছেন, ‘এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে আমি খুব খুশি। আমরা এরই মধ্যে ভালো প্রস্তুতি নিয়েছি। আগামীকাল আমাদের প্রথম ম্যাচ এবং কিছু চ্যালেঞ্জ থাকলেও আমি বিশ্বাস করি আমরা ইতিবাচক পারফরম্যান্স দেখাতে পারব।’







