এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইতিহাস গড়ে কয়েকমাস আগে প্রথমবার মেয়েদের এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী মাসে অস্ট্রেলিয়াতে বসতে চলা আসরের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে লাল-সবুজদের। উড়াল দেয়ার আগে কোচ পিটার বাটলার এবং দলের সদস্যদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেছেন, ‘আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক সোনালী অধ্যায় সূচিত করে আমাদের নারী ফুটবল দল প্রথমবার এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে। এই গৌরবময় মুহূর্তে আমি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’
‘আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।’
‘আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারাবিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে।’
‘আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, আমাদের দেশের জন্য। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমি নারী ফুটবল দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’
মার্চের ১ তারিখ থেকে গড়াবে এবারের আসর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীন, দ্বিতীয় সর্বোচ্চ ৩ বারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া এবং উজবেকিস্থান। মার্চের ৩ তারিখ দুপুর ২টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে নামবে বাংলাদেশ।








