বলিউডের অন্যতম তারকা ও অভিনেত্রী কারিনা কাপুরকে নিয়ে কথা বলে খানিকটা বিপাকেই পড়লেন পাকিস্তানি অভিনেতা খাকান শাহনেওয়াজ।
নবাব পরিবারের পুত্রবধূকে নিয়ে পাকিস্তানের অভিনেতার মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। খোদ কারিনার অনুরাগীরা সামাজিক মাধ্যমগুলোতে খাকানের উদ্দেশে ছুড়ে দিয়েছেন কটাক্ষ।
সম্প্রতি পাকিস্তানে একটি অনুষ্ঠানে খাকানকে তার এক অনুরাগী বলেন, তিনি কারিনার বিপরীতে অভিনয় করতে চান কিনা। যার উত্তরে পাকিস্তানি এই অভিনেতা বলেন, ‘হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে বয়সে অনেকটাই বড়। তাই তার ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।’
এমন কথা বলার সাথে সাথেই খানাককে ভারতীয়দের কটাক্ষের শিকার হতে হয়। কারিনা ভক্তদের দাবি, খাকান বলিউড অভিনেত্রীকে অপমান করেছেন। এ বিষয়ে কারিনার এক অনুরাগীর কথায়, ‘কোন অভিনেত্রীকে তার বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়।’ অন্য একজন লেখেন, ‘খাকান কে? তিনি কোন যুক্তিতে কারিনা প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন!’
খাকান একজন মডেল ও অভিনেতা। সম্প্রতি আলোচিত অভিনেত্রী মাহিরা খান প্রযোজিত ‘বারওয়া খিলাড়ি’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে লাইম-লাইটে আসেন তিনি। এছাড়াও বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেন ২৭ বছর বয়সী এই অভিনেতা।- ফ্রি জার্নাল প্রেস








