যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করা হয়, যা বর্ণবাদী সমালোচনার জন্ম দেয়। ১২ ঘণ্টা পর ভিডিওটি সরিয়ে নেয় হোয়াইট হাউস, দাবি করা হয়েছে এটি ভুলবশত পোস্ট হয়েছিল।
আজ (৬ ফেব্রুয়ারি) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ভিডিওটির সমালোচনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। রিপাবলিকান দলের কিছু সদস্যও এর বিরুদ্ধে অবস্থান নেন। তাদের মতে, ভিডিওটি আফ্রিকান আমেরিকানদের মানবিক মর্যাদা ও শ্রদ্ধা খর্ব করেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, এটি একটি কর্মীর ভুল ছিল, এবং ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।
ভিডিওটি এক মিনিটের দৈর্ঘ্যের ছিল এবং তাতে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের জন্য মিথ্যা দাবি করা হয়। ভিডিওটির শেষাংশে একটি ছোট বানরের নৃত্যসংবলিত ক্লিপ ছিল, যার মধ্যে ওবামার মুখ বসানো ছিল। এই ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
তবে, হোয়াইট হাউস ভিডিওটি পোস্ট করা কর্মীর পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানায় এবং মন্তব্য করেনি। ট্রাম্পের একজন উপদেষ্টা জানান, ভিডিওটি প্রকাশের আগে প্রেসিডেন্ট ভিডিওটি দেখেননি। ভিডিওটি দেখে প্রেসিডেন্ট সেটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।








