চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় দপ্তর হোয়াইট হাউস এখন আনুষ্ঠানিকভাবে উপস্থিত। এই অ্যাকাউন্টটি চালুর এক ঘণ্টার মধ্যেই প্রায় ৪ হাজার ৫০০ ফলোয়ার সংগ্রহ করেছে।
আজ (২০ আগস্ট) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার নতুন টিকটক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে বলা হয়, ‘আমেরিকা উই আর ব্যাক! হোয়াটস আপ টিকটক?’— যা ছিল ২৭ সেকেন্ডের একটি ক্লিপ।তবে এর চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পরিবর্তন। আগের ঘোষণার বিপরীতে তিনি এখনও টিকটক বিক্রির আইনি বাধ্যবাধকতা কার্যকর করেননি।
চীনের বাইটড্যান্স মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে চালু রাখতে হলে একটি অ-চীনা ক্রেতার কাছে বিক্রির কথা ছিল। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে একটি ফেডারেল আইন অনুযায়ী এই বিক্রির সময়সীমা নির্ধারিত ছিল ১৯ জানুয়ারি, ট্রাম্পের পুনঃদায়িত্ব গ্রহণের আগের দিন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই সময়সীমা কার্যকর না করে জুনে আরও ৯০ দিনের সময়সীমা বাড়ান, যা এখন চলমান এবং মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি।
ট্রাম্প প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জনে টিকটকের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। নির্বাচনে জয়ের পর নিজ অবস্থান থেকে সরে এসে ট্রাম্প টিকটককে রক্ষার প্রতিশ্রুতি দেন। বিশ্লেষকদের মতে, প্রায় দুই বিলিয়ন বিশ্বব্যাপী ব্যবহারকারী বিশিষ্ট এই প্ল্যাটফর্ম ট্রাম্পের প্রচারকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে সহায়তা করেছে।
টিকটক নিষিদ্ধ না করে সময়সীমা বাড়ানো এবং হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্ট চালু—এই দুটি পদক্ষেপই জাতীয় নিরাপত্তা বনাম রাজনৈতিক কৌশল বিতর্ককে আবার সামনে এনেছে।








