শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে হিন্দনে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অবতরণ করেছে।
সোমবার ৫ আগস্ট সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারসহ একাধিক মাধ্যম এটি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি লন্ডনে যাবেন। ভারতে তিনি কোনও রাজনৈতিক আশ্রয় চাননি।
প্রতিবেদনে বলা হয়, প্রথমে শোনা গিয়েছিল, সোমবার রাতেই তিনি লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন। পরে জানা যায়, ব্রিটেন হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। যদিও সরকারি সূত্রে এর কোনও সমর্থন মেলেনি। তবে তেমন হলে হাসিনা আগামী কয়েক দিন দিল্লিতেই ‘সেফ হাউসে’ থাকতে পারেন।
সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে নামে হাসিনার বিমান। এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম। বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ারবেসটির দেখভাল করে থাকে।
একটি সূত্রের দাবি, বাংলাদেশ সেনা বাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমানে হাসিনা গাজিয়াবাদে নামেন। তার সাথে ছিলেন বোন শেখ রেহানা এবং কয়েক জন অফিসার।







