চট্টগ্রামে জেএম সেন হলের একটি পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী মাঠে বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতেই তাদের আটক করা হয়।
পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনের কোনো উদ্দেশ্য ছিল কি না জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বলেন: ঘটনায় কোন উদ্দেশ্য ছিল কি না, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। অনেক সময় স্থানীয়ভাবে অনেক ঘটনা ঘটে থাকে। অনেক সময় স্থানীয়ভাবে কিছু ঘটনা ঘটে থাকে। তথ্য-উপাত্ত অবাধ ব্যবহারের যুগে এর প্রভাব ঢাকায় পড়তো না।
তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপসহ যে কোনো জায়গায় স্থান কাল পাত্র ভেদে আমাদেরকে কাজ করতে হবে। যদি ব্যত্যয় ঘটে তাহলে সেখেন থেকে বড় আকারের ঘটনা ঘটতে পারে। সেটা যেন না ঘটে।
দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে জানিয়ে আইজিপি বলেন: এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকেই দুর্গাপূজাকে ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন। আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছি; শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। সারাদেশে ৩২ হাজারের অধিক পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে।
আইজিপি বলেন, দুর্গোৎসব ঘিরে এ পর্যন্ত ৩৫টি হামলার ঘটনা ঘটেছে। ঘটনার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এসব ঘটনায় ১১টি মামলা করেছি। এছাড়া ২৪টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে চারটি চুরি, বাকিগুলো ভাঙচুরের। এসব ঘটনায় যারা জড়িতে ছিল এ পর্যন্ত আমরা ১৭ জনকে গ্রেপ্তার করেছি।
মো. ময়নুল ইসলাম জানান, পূজামণ্ডপের প্রতিনিধিরা বলছেন অন্য যেকোনো বারের চেয়ে এবারের নিরাপত্তা ব্যবস্থায় তারা খুশি আছেন।
বাংলাদেশে সব ধর্মের অধিকার সংবিধান স্বীকৃত উল্লেখ করে আইজিপি বলেন: এখানে যুগ যুগ ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা সব সময়ই ঘটে। যারা অপকর্মগুলো করতে চান, তারা আইনের চোখে অপরাধী। প্রতিটি অপকর্মের আমরা ব্যবস্থা নিচ্ছি, তাৎক্ষণিকভাবে আমরা আপডেট পাচ্ছি। যেকোনো জায়গায় যা কিছু ঘটুক আমরা ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের তৈরি হয়েছে, তাতে যেন আমরা শামিল হই। যত ধরনের অপরাধ, চাঁদাবাজি টেন্ডারবাজি ছিল, দায়িত্ব নেয়ার পর আমরা দূর করার চেষ্টা করছি। আমরা সবাই মিলেমিশে এগিয়ে যাব সেই আশাবাদ প্রকাশ করছি।
আইজিপির সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং বনানী পূজামণ্ডপ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে আইজিপি বসুন্ধরা এবং উত্তরায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।








