ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা তাঁর সুস্থতা কামনা করে এক ফেসবুক পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে সবকিছুর আগে একটাই কামনা যে তিনি বেঁচে থাকুন এবং দ্রুত ও নিরাপদ চিকিৎসা পান।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীর গুলিতে ওসমান বিন হাদী গুলিবিদ্ধের ঘটনায় এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে তিনি আরও লিখেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। তাই অনুমান বা রাজনৈতিক দোষারোপে যাওয়ার আগে সংযত থাকা জরুরি।
তিনি লিখেন, তবে রাষ্ট্রের হাতে সময় নেই। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত ও স্পষ্টভাবে জানাতে হবে। তদন্তের নামে গড়িমসি বা বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই।
এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাঁর ফেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, “আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।”








