১৫ মাসের বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধের অবসানে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা ও বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল আকাঙ্খিত যুদ্ধবিরতি চুক্তি। যুদ্ধবিরতি শুরুর আগে স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) রাতে এক বক্তৃতায় হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে হামাসের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন সহ্য করবে না জানিয়ে নেতানিয়াহু জনিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরে অগ্রসর হবে না ইসরায়েল।
নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় অর্জিত হয়েছে। তবে ‘যুদ্ধবিরতি সাময়িক’ এবং ‘অভিযান এখনো শেষ হয়নি’ জানিয়ে নেতানিয়াহু বলেন, আবার গাজায় হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে। এটা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উভয়ে সমর্থন করবেন। আমরা যদি আবার হামলা শুরু করি, তা হবে আরও জোরালো।
‘আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি’ জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হামাস বর্তমানে ‘সম্পূর্ণ নিঃসঙ্গ’।
এর আগে নেতানিয়াহু বলেছিলেন, জিম্মিদের মধ্যে কাদের মুক্তি দেয়া হচ্ছে, হামাসের সেই তালিকা আমাদের হাতে না আসা পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি করবে না। চুক্তির লঙ্ঘন সহ্য করবে না ইসরায়েল।
মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়া হয়। এতে দীর্ঘ যুদ্ধের পর স্বস্তির আশায় প্রহর গুণছেন ফিলিস্তিনিরা। তবে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরেও গাজায় ইসরায়েলি হামলা হয়েছে।
শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একই পরিবারের কমপক্ষে ৫ সদস্য নিহত হয়েছেন।








