ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মেঘনা আলম প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরব হয়ে ওঠেন এবং এনসিপির প্রার্থী মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী-কে ইঙ্গিত করে মন্তব্য করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পাটওয়ারীর মতো জনতার টাকা তুলে নির্বাচন করিনি। ৬০৮টি ভোট যারা দিয়েছেন, সবাই কোনো একটি প্রমাণসহ যোগাযোগ করবেন। দেশ পরিবর্তনের জন্য একজন মানুষও গুরুত্বপূর্ণ।’
তবে পোস্টটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই তিনি সংশোধন করেন এবং পাটওয়ারীর নাম বাদ দেন। সংশোধিত পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জনতার টাকা তুলে নির্বাচন করিনি। ৬০৮টি ভোট যারা দিয়েছেন, সবাই কোনো একটি প্রমাণসহ যোগাযোগ করবেন। দেশ পরিবর্তনের জন্য একজন মানুষও গুরুত্বপূর্ণ।’
রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ১০৮টি কেন্দ্রে ৫৬ হাজার ৫৫২ ভোট এবং পোস্টাল ভোটে ২ হাজার ৮১৪ ভোট পান। সব মিলিয়ে তার মোট ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি-র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি ভোটে ৫১ হাজার ৫৭২ এবং পোস্টাল ভোটে ২ হাজার ৫৫৫ ভোট পেয়ে মোট ৫৪ হাজার ১২৭ ভোট অর্জন করেন।
এ ছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে পান ১ হাজার ৪৩৬ ভোট। আর গণঅধিকার পরিষদ-এর প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন মাত্র ৬০৮ ভোট।
এই ফলাফলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন মেঘনা আলম।








