ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে হারের পর থেকে রিয়াল মাদ্রিদ সাজঘরে হরেক সমস্যার খবর। কোচ জাভি আলোনসোর অভিষেক প্রতিযোগিতামূলক আসর ছিল এটি। সেখানে হারের পর থেকে ভিনিসিয়াসকে মূল একাদশে রাখছেন না জাভি। যা নিয়ে স্প্যানিশ গণমাধ্যম নানান কথায় মেতেছে।
রোববার রাতে ওভিয়েদোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রিয়াল। শুরুর একাদশে ছিলেন না ভিনি। প্রতিপক্ষের মাঠ কার্লোস টারটিয়ের স্টেডিয়ামে ৬৩ মিনিতে রদ্রিগোর পরিবর্তে নামানো হয় ২৫ বর্ষী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। সেসময় ১-০তে এগিয়ে ছিল রিয়াল। ৮৩ মিনিটে কাইলিয়ান এমবাপের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন ভিনিসিয়াস, রিয়াল মাদ্রিদের তৃতীয় গোলটি করেন তিনি।
ভিনিসিয়াস অ্যাসিস্টের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। ওভিয়েদোর গ্যালারির দিকে তাকিয়ে কিছু একটা বলতে থাকেন। সেসময় এমবাপে তার মুখ হাত দিয়ে ঢেকে দেন।
এমবাপে দলে আসার পর ভিনি ফরাসি তারকার সমপরিমাণ বেতন দাবি করেছিলেন। নাকচ করে দেয় রিয়াল কর্তৃপক্ষ। দুবছরের কম সময় ব্রাজিলিয়ান তারকার সাথে রিয়ালের চুক্তি বাকি, এখনও সেটি বাড়াতে আলোচনা শুরু করেনি মাদ্রিদ।
ভিনি সাধারণত বাঁ-প্রান্তের খেলোয়াড়, কিন্তু লা লিগায় মাদ্রিদের মৌসুম শুরুর ম্যাচে তাকে খেলানো হয় ডানপ্রান্তে। যেখানে ভিনি খুব একটা সুবিধা করতে পারেননি। এতে তাকে দ্বিতীয় ম্যাচে একাদশে রাখেননি কোচ। রদ্রিগোকে নিয়ে আলোচনা ছিল দল ছেড়ে যাবেন, পরে জাভি জানান রদ্রিগো বাঁ-প্রান্তে খলতে চান এবং তাকে বাঁ-প্রান্তেই খেলানো হয়েছে। যেখানে ভিনিসিয়াস খেলতেন।
ভিনিকে শুরুতে না রাখা নিয়ে জাভি বলছেন, ‘ফুটবলে দলের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে, খেলোয়াড়ের কথা ভেবে না। আমিও ঠিক সে কাজটাই করেছি। এক ম্যাচ থেকে অন্য ম্যাচে পরিবর্তন নির্ভর করে আমাদের খেলার ধরন, প্রচেষ্টা এবং প্রতিপক্ষের উপর আমাদের মনোভাব ঘিরে।’
‘আমরা চাই খেলোয়াড়রা দলের গুরুত্বপূর্ণ দিকটা খেয়াল করুক। মনে করি খেলোয়াড়দের প্রস্তুত থাকা দরকার যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে। মূল একাদশ অথবা বেঞ্চ থেকে নেমে আসার জন্য, অথবা এক ম্যাচ না খেলে পরবর্তী খেলার জন্য প্রস্তুত থাকা, সবকিছু মানিয়ে নিতে হবে তাদের।’
রদ্রিগোকে নিয়ে জাভি বলেছেন, ‘রদ্রিগো বেশ ভালো খেলেছে। প্রথমার্ধে আলভারো, আরদা গুলের এবং কাইলিয়ানের সাথে বেশ মানিয়ে এবং মিলেমিশে খেলেছে। সে ভালো শট খেলেছে। সে গভীরভাবে নজর রেখে নিজের জায়গা খুঁজে বের করেছে। তাকে দলে দরকার। আমি তার খেলা পছন্দ করেছি।’
‘প্রথমার্ধে আমার বেশ এগিয়ে ছিলাম। বিরতির পর সেটা ধরে রাখতে পারিনি। ওভিয়েদো বিরতির পর আমাদের ভালোই চাপে রেখেছিল। সেসময় আমরা কিছুটা পিছিয়ে পড়ি। শেষদিকে আমার রক্ষণ বেশ ভালো খেলেছে বলে দুটি গোল করতে পেরেছি।’








