শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই রায়ে প্রমাণ হলো ফ্যাসিস্ট যত শক্তিশালীই হোক বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিচার আগামীর জন্য এক মাইল ফলক।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বহুদূর পিছিয়ে গেছে, আর পিছিয়ে যেতে চায় না জনগণ। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, এ দেশের উন্নয়ন অগ্রগতি বহুদূর পিছিয়ে গিয়েছে। আমরা আর পেছাতে চাই না। দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে। এর মধ্যেই আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র নির্মাণের ভিত্তি তৈরি হবে। আমরা সেই বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মধ্য দিয়ে ভারসাম্যমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই দেশের প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা অবিরত সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ।








