আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করি। আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষাকে বের করে প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষাকে চাপিয়ে দেয়া হলে প্রতিহত করবো এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে দলটির আয়োজিত ‘আগ্রাসন বিরোধী’ শীর্ষক কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ভূখণ্ড পেলেও সার্বভৌমত্ব পাইনি। ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষের রাজনীতি এখনও চলছে। তবে বিভাজনের রাজনীতির সুরাহা হবে এমনটা ভেবেছিলাম। ২৪ এর পরে সেই রাজনীতি আবারও ফিরে এসেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশে মুক্তিযুদ্ধের নামে বা ইসলামের নামে রাজনীতি চলবে না। মুক্তিযুদ্ধ আমার, ইসলামও আমার। এই দুটি বিষয়কে মুখোমুখি করা যাবে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট বানচালের চেষ্টা চালানো হচ্ছে। তবে যতই চেষ্টা হোক, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। হাদিকে গুলি করে আমাদের ভয় দেখানোর চেষ্টা সফল হবে না। হাদির লড়াইকে ধারণ করে আমরা এগিয়ে যাব। এ সময় নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। অবিলম্বে তাকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।
নির্বাচনী পরিবেশ নিয়েও কঠোর সমালোচনা করে দলটির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা হাদির ঘটনায় সহমর্মিতা চাই না, বিচার বিভাগ স্বাধীন হতে হবে, হাদি হত্যার বিচার চাই।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশন (ইসি) যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দেয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে জবাবদিহির আওতায় আনা উচিত।
ভারতীয় আগ্রাসন ও আধিপত্য বাংলাদেশের প্রত্যেক প্রান্তে এখনও রয়ে গেছে। গুজরাটের কসাই বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা বলেছেন। সবাইকে সতর্ক থাকতে হবে। ভারতীয় আধিপত্যবাদের উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করবো বলে কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।








