বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে আমরা কোন বাধা দেখছি না। আমরা আশা করি, সরকার শিগগিরই তাদের অবস্থান জানাবে এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পরামর্শ দেবে।
শুক্রবার (১ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামীর সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত এবং হাটহাজারী মাদ্রাসার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সবার পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করতে চায়। দীর্ঘ ১৬ বছরের লড়াই এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এখন ফ্যাসিবাদমুক্ত। তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মূল দাবি এখনও অসম্পূর্ণ।
অপর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ নিয়ে কথা বলেন। সেসময় ২০১৩ সালে হেফাজতের আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রত্যাশা বাস্তবায়নের কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাটহাজারীর আল জামিয়াতুল দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনে গেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় শিক্ষক, স্থানীয় আলেম ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।








