বিএনপির কোনো এমপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি বলে জানিয়েছেন কক্সবাজার–১ আসনের এ নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে উপস্থিত হন। শপথ শুরুর আগে দলটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজার–১ আসনের এ নির্বাচিত সংসদ সদস্য বলেন, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত নই। বিএনপির কোনো এমপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। সংবিধানে এখনও এ ধরনের কোনো কাঠামো অন্তর্ভুক্ত হয়নি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে তবেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে।
তিনি বলেন, সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।
শপথ অনুষ্ঠানের প্রাক্কালে দেওয়া এই বক্তব্যে স্পষ্ট করা হয় যে, বিএনপির সংসদ সদস্যরা আপাতত কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করবেন। সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে পরবর্তী সিদ্ধান্ত সংসদের সাংবিধানিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।








