আইপিএলে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। আগের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন বাঁহাতি টাইগার পেসার। আসন্ন মৌসুমেও দলটি তাকে ধরে রেখেছে। ডেভিড ওয়ার্নারের কাঁধে দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে। অজি ওপেনারের অধীনে তাই আবারও খেলবেন কাটার মাস্টার ফিজ।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ জার্সিতে প্রথমবার আইপিএলে খেলেছিলেন মোস্তাফিজ। সেবার ওয়ার্নারের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয় অরেঞ্জ আর্মিরা।
মোস্তাফিজ-ওয়ার্নার জুটির রসায়নটা সানরাইজার্সে দারুণ জমেছিল। এবারও হতে পারে তেমন কিছুই। দলটির শিরোপা জয়ে যা হতে পারে বড় নিয়ামক। মোস্তাফিজকে ২ কোটি রুপিতে টেনেছে দিল্লি। ওয়ার্নারের দর ছিল ৬ কোটি ২৫ লাখ রুপি।
বাংলাদেশ সফর শেষে দেশে ফেরার পর গত বছরের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন রিশভ পান্ট। অল্পের জন্য প্রাণে বাঁচলেও তখন থেকে মাঠের বাইরে ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার, ধীরে ধীরে সেরে উঠছেন। দিল্লির অধিনায়কত্ব তারই করার কথা ছিল। লম্বা সময়ের জন্য পান্টকে খেলার বাইরে থাকতে হবে। তাই ওয়ার্নার দলনেতা।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ার্নার দিল্লির নেতৃত্ব দেবেন। ২০০৯-২০১৩ সালে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তিনি খেলেছিলেন। শেষ বছরে কয়েকটি ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন। তখন দলটির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস।








