সিডনিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট দিয়ে ১৩ বছরের বর্ণাঢ্য সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ওপেনার বিদায় নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকেও। জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি ও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখা যাবে অজি তারকাকে। আর অবসরের পর ধারাভাষ্যে নাম লেখাবেন ৩৭ বর্ষী ওয়ার্নার।
সামাজিক যোগাযোগ মাধম্যে ওয়ার্নার পরিকল্পনার কথা জানিয়েছেন, ‘সময় এসে গেছে, আমার জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে হাঁটার। এতদিন ধরে যা কিছু শিখেছি, সবকিছু প্রয়োগ করবো এবং সর্বদা নিজের আদর্শ মেনে চলবো। যতদিন ক্রিকেটের ময়দানে সময় কাটিয়েছি, ততদিনই সেগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। সত্যিই গর্বিত অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য হতে পেরে।’
‘এবার পরবর্তী দিনে কী করবো সেবিষয়েও ভেবেছি। খুব শিগগিরই আমাকে কমেন্ট্রিবক্সে দেখা যাবে ধারাভাষ্য করতে। কমেন্ট্রিবক্স থেকে দেখব মাঠে আমার দল কেমন পারফর্ম করছে। ওদের এগোতে দেখলে সত্যিই আমার অনেক ভালো লাগবে।’
২০১১ সালের ডিসেম্বরে ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন ওয়ার্নার। ক্যারিয়ারে ১১২ ম্যাচে খেলেছেন। ২০৫ ইনিংসে ২৬ সেঞ্চুরি ও ৩৭ হাফ-সেঞ্চুরিতে ৪৪.৫৯ গড়ে ৮,৭৮৬ রান করেছেন। টেস্টে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। তবে অস্ট্রেলিয়ার ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন।








