চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত দুটি সিনেমার লড়াইয়ে জমে উঠেছে বলিউডের বক্স অফিস। একদিকে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহু আকাঙ্ক্ষিত ছবি ‘ওয়ার ২’, অন্যদিকে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’।
মুক্তির প্রথম দিনেই বক্স অফিস আয়ে এই দুই ছবির মাঝে বিজয়ী ছিল রজনীকান্তের ‘কুলি’! দ্বিতীয় দিনেও এই দুই ছবির বক্স অফিস আয়ের টক্কর ঠিক একই রকম।
ট্রেড অ্যানালিস্ট এবং স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, রজনীকান্ত অভিনীত গ্যাংস্টার ড্রামা ‘কুলি’ প্রথম দিনেই আয় করেছে ৬৫ কোটি রুপি (নেট আয়)। অন্যদিকে, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ আয় করেছে ৫২.৫ কোটি রুপি (নেট আয়), যা ‘কুলি’-র থেকে প্রায় ১৩ কোটি রুপি কম!
মুক্তির দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার পুরো ভারত জুড়ে ‘কুলি’র বক্স অফিস আয় ৫৩ কোটি ৫ লাখ রুপি। অর্থাৎ, দ্বিতীয় দিনে ছবিটির আয়ের হার কিছুটা কমে গেছে। তবে মুক্তির দুই দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১১৮ কোটি ৯৩ লাখ রুপি। অন্যদিকে, মুক্তির দ্বিতীয় দিনে ‘ওয়ার ২’ ছবির আয় ৫৬ কোটি ৫০ লাখ রুপি।
ফলে আয়ের নিরিখ দেখে বলাই যায়, স্পাই ইউনিভার্সের থ্রিলার-অ্যাকশনধর্মী ছবিটি ১৫ আগস্টের ছুটির সুযোগ পুরোপুরি নিয়েছে। এখন পর্যন্ত ছবিটি ব্যবসা করেছে ১০৮ কোটি রুপি।
অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিকে ঘিরে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কিন্তু দর্শক ছবিটিকে যে পছন্দ করছেন, বক্স অফিসের আয় দেখে তা বোঝা যাচ্ছে।
বক্স অফিসের মোট আয়ের দিক থেকে এখন পর্যন্ত রজনীকান্তের ছবি হৃতিকের ছবির থেকে অনেকটাই এগিয়ে। কিন্তু মুক্তির দ্বিতীয় দিনের আয়ের নিরিখে ‘কুলি’-কে টেক্কা দিয়েছে ‘ওয়ার ২’।








