বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস। যেটা অস্কার হিসেবে খ্যাত। আগামী ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে এবারের জাঁকালো আয়োজন। এই অনুষ্ঠানে সাংবাদিক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ওয়ালিউল বিশ্বাস।
একাডেমি অ্যাওয়ার্ডসের অ্যাক্রেডিটেশন বিভাগ ইতোমধ্যে তার অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ৯৮তম এ আয়োজনের মাধ্যমেই বাংলাদেশ থেকে আরও একজন সংবাদকর্মী আমন্ত্রণ পেল।
আমন্ত্রিত সাংবাদিক হিসেবে ৯৮তম অস্কারজয়ীদের ‘ইন-পারসন’ সাক্ষাৎকার ও কথা বলার সুযোগ পাবেন ওয়ালিউল বিশ্বাস।
বিশ্ব সিনেমার সবচেয়ে আলোচিত এই আয়োজনে প্রতি বছরই উপস্থিত থাকেন আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক এবং চলচ্চিত্র বিশ্লেষক ও সাংবাদিকরা। সেই বৈশ্বিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন ওয়ালিউল বিশ্বাস। এছাড়া বাংলাদেশ থেকে অপর সংবাদকর্মী হিসেবে থাকছেন স্টার নিউজের আল কাছির।
ওয়ালিউল বিশ্বাস মনে করেন, অস্কারের মতো আয়োজনে অংশ নেয়াটা নিঃসন্দেহে সংবাদকর্মী হিসেবে অত্যন্ত সম্মানজনক। তিনি বললেন, শুধু বিশ্ব সিনে রথী-মহারথীই নয়, পুরো আয়োজন কাছ থেকে দেখার সুযোগ হবে। এটা বিরল অভিজ্ঞতা হিসেবেই মনে করি। এর আগে আন্তজার্তিক উৎসব কাভার করলেও অস্কারে ইন-পারসন সাক্ষাৎকার নেওয়ারও সুযোগ রাখছে কর্তৃপক্ষ। যা সত্যিই ভীষণ ভালো লাগার।
ওয়ালিউল বিশ্বাস এর আগে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও সৌদি আরবের আন্তর্জাতিক ফেস্টিভ্যাল অংশ নিয়েছেন। সবশেষ গত ডিসেম্বরের সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কাভার করেন এই সিনে সাংবাদিক।
ওয়ালিউল বিশ্বাস বর্তমানে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে ডিজিটাল মিডিয়ার সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত আছেন। ১৫ বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে তিনি সমকাল, বাংলা ট্রিবিউন, কালবেলায় কাজ করেছেন।
এছাড়াও ফ্রিল্যান্সার সাংবাদিক হিসেবে কাজ করেছেন জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগে। পেয়েছেন চীনের ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড’-এর মতো আন্তর্জাতিক পুরস্কার।
এদিকে, মনোনয়ন ঘোষণার পর থেকেই বেশ আলোচনায় আছে অস্কারের চলচ্চিত্রগুলো। সর্বাধিক ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে সিনেমা ‘সিনার্স’। দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনীত হয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
এছাড়া ‘মার্টি সুপ্রিম’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’—এই তিনটি সিনেমা পেয়েছে ৯টি করে মনোনয়ন। আর ‘হ্যামনেট’ মনোনীত হয়েছে ৮টি বিভাগে। চলচ্চিত্রপ্রেমীরা বেশ মুখিয়ে আছে এই বিশ্ব দৌরাত্ম্যর ফল দেখতে।








