চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কানাডায় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গুণী কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। নয় মাসের বেশী সময় ধরে ছেলের সুস্থতার অপেক্ষায় আছেন কুমার বিশ্বজিৎ।
বর্তমাসে সস্ত্রীক কানাডার টরন্টো শহরের সেন্ট মাইকেল হাসপাতালেই সময় কাটছে কুমার বিশ্বজিতের। এই হাসপাতালেই চিকিৎসাধীন নিবিড়।
এই সময়ের মধ্যে কোনো কাজে আর দেখা যায়নি কুমার বিশ্বজিৎকে। এমনকি ফেব্রুয়ারির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুপস্থিত তিনি। নেই কোনো নতুন কাজের খোঁজ, কিংবা পোস্ট! তবে ২২ নভেম্বর প্রায় নয় মাস পর তিনি একটি নতুন কাজের টিজার শেয়ার করলেন ফেসবুক পেজে!
এটি মূলত ‘নিবিড় অপেক্ষা’ শিরোনামের গানের টিজার! যদিও পোস্টের নিচে উল্লেখ করা হয়, এটি এডমিন পোস্ট!
জানা গেছে, গেল মাসের শেষের দিকে কুমার বিশ্বজিৎ ব্যক্তিগত কাজে সপ্তাহখানেকের জন্য এসেছিলেন ঢাকায়। সেসময় কিশোর দাসের অনুরোধে একটি নতুন গান করে গেছেন! যে গানটির নাম ‘নিবিড় অপেক্ষা’। হাসানুজ্জামান মাসুমের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।
মূলত ২২ নভেম্বর ছিলো কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের জন্মদিন। বিশেষ এই দিনেই গানটির টিজার প্রকাশ করা হয়।
গানটি নিয়ে কুমার বিশ্বজিৎ কবীর বকুলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,“শিল্পীর প্রাণ মরে যায় যখন, তখন গান গাওয়াটাই তাঁর জন্য কঠিন হয়ে যায়। আর আট মাস ধরে একরকম বেঁচে থেকেও বেঁচে না থাকার মতো আছি আমি। এবার ব্যক্তিগত কিছু কাজে যখন দেশে যাই, তখন আমার স্নেহের দুই ছোট ভাই কিশোর ও বাপ্পী এসে ধরল গানটি গাওয়ার জন্য। বলল, “আপনার জন্যই গানটি করা।” গানটির কথা ও সুর ভালো লাগল। তার চেয়ে বড় বিষয় হলো, গানটিতে একটা আর্ত এবং অপেক্ষার বিষয় রয়েছে, যেটা আমাকে খুব স্পর্শ করেছে, তাই গাইলাম।”








