পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন, বেলারুশে অবস্থানরত ওয়াগনার যোদ্ধারা অভিবাসী হিসেবে নিজেদের তুলে ধরে ইইউতে প্রবেশ করতে পারে। ওয়াগনার সদস্যরা বেলারুশ থেকে অবৈধ অভিবাসনের সুবিধাও নিতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বিবিসি জানিয়েছে, প্রায় ১০০ ওয়াগনার সৈন্য পোলিশ এবং লিথুয়ানিয়ান সীমান্তের কাছাকাছি গ্রোডনো শহরের কাছে চলে এসেছে বলে জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী।
পোলিশ প্রধানমন্ত্রী দাবি করেছেন, ভাড়াটে সৈন্যরা ইউরোপীয় ইউনিয়নে পাড়ি দিতে বেলারুশিয়ান সীমান্ত রক্ষী হিসেবে নিজেদের জাহির করতে পারে বা প্রবেশের জন্য নিজেদের অভিবাসী হিসেবে তুলে ধরতে পারে।
তিনি আরও বলেন, এখন পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। এটি অবশ্যই পোলিশ অঞ্চলে হাইব্রিড আক্রমণের একটি পদক্ষেপ।
গত জুন মাসে রাশিয়ায় সংক্ষিপ্ত বিদ্রোহের অবসান ঘটাতে একটি চুক্তির অধীনে কিছু ওয়াগনার সৈন্য বেলারুশে চলে গিয়েছিল।








