ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সারাদেশে আইনবহির্ভূতভাবে মব করা হচ্ছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ভোটার যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন সে ব্যবস্থা করতে হবে সরকারকে।
তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র করতে হবে। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত।








