বাংলাদেশ

ঈদের আমেজে ভোট, জাতি বিজয়ী: ইসি সানাউল্লাহ

ঈদের আমেজে ভোট, জাতি বিজয়ী: ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে ঈদ উৎসবের মতো উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। তাঁর ভাষ্য, সব ধরনের শঙ্কা ও সংশয় দূর করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে, যা জাতি হিসেবে বাংলাদেশের জন্য এক বড় অর্জন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি দেশের ইতিহাসে ‘শুভ সকাল’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ নির্বাচন একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নির্বাচন কমিশনের প্রধান অঙ্গীকার ছিল—আইন নিরপেক্ষভাবে প্রয়োগ করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে বলেও জানান তিনি। কোনো অনাকাঙ্ক্ষিত ত্রুটি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেন কমিশনার।

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু সাংবিধানিক দায়িত্ব পালনের বিষয় ছিল না; বরং একে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছিল কমিশন।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সানাউল্লাহ বলেন, জনগণের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব আশঙ্কা কেটে গেছে। এতে প্রমাণ হয়েছে, গণতান্ত্রিক চর্চায় বাংলাদেশ আরও একধাপ এগিয়েছে।

এ সময় নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

সমাপনী বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, দেশের গণতন্ত্র যেন কখনো নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও উন্নত নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন সম্ভব হয়।

বিষয়:ইসিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচন কমিশনার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…