ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার কাজ চলছে। সারাবিশ্ব থেকে ৫২০ জন বিদেশি সাংবাদিক প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহ করতে ইরান এসেছেন। এসব সাংবাদিক রাজধানী তেহরান ছাড়াও দেশের বড় বড় শহরে অবস্থান নিয়েছেন।
ইরান ভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, গতকাল (২৮ জুন) স্থানীয় সময় বুধবার ৮টা থেকেই ইরানে ভোটগ্রহণ শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের ভিড়। ভোটার উপস্থিতির কারণে ভোট গ্রহণের সময় ২ ঘণ্টা বাড়ানো হয়। বেশ কিছু ভোট কেন্দ্রে মধ্যরাত পর্যন্ত চলে ভোট গ্রহণ।
গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। ফলে সংবিধান অনুযায়ী, ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করেছে ইরান। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চার প্রার্থীর মধ্যে। তারা হলেন- মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদি, সাঈদ জালিলি এবং মোহাম্মদ বাকের কলিবফ।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে, ভোট গণনায় প্রাপ্ত তথ্যে সাইদ জালিলি এগিয়ে আছেন। এখন পর্যন্ত ১ কোটি ৩ লাখের বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে জালিলি পেয়েছেন ৪২ লাখ ৬০ হাজার ভোট। মাসুদ পেজেশকিয়ান প্রায় ৪২ লাখ ৪০ হাজার ভোট পেয়েছেন। মোহাম্মদ বাঘের গালিবাফ পেয়েছেন ১৩ লাখ ৮০ হাজার ভোট এবং মোস্তফা পুরমোহাম্মদি পেয়েছেন ৮০ হাজারের বেশি ভোট।
বিশ্বের ৯৫টি দেশে অবস্থানরত ইরানি নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। এগিয়ে থাকা সাইদ জালিলি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই নির্বাচনে একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। এছাড়া বাকি তিন প্রার্থীই কট্টরপন্থী।








